Sylhet Today 24 PRINT

‘সৌদি রাজ পরিবার বিশ্বাসঘাতক’

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

সৌদি রাজ পরিবারকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠতম ধর্মীয় নেতাদের একজন আয়াতুল্লাহ আহমেদ খাতামি।

সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দায়ে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রেক্ষিতে এ মন্তব্য করেন খাতামি।

এই ধর্মীয় নেতা বলেন, আমার কোনো সন্দেহ নেই (শেখ নিমরের) এই পবিত্র রক্ত সৌদি রাজ পরিবারকে রক্তাক্ত করবে এবং ইতিহাসের পাতা থেকে তাদের মুছে ফেলবে।’

তিনি বলেন, ‘শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার মতো অপরাধ এই বিশ্বাসঘাতক পরিবারের অপরাধ প্রবণতারই একটা অংশ। মুসলিম বিশ্ব এই কুখ্যাত সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবে বলে আশা করছি।’

খাতামির এই মন্তব্যের আগে গত বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ নিমরকে মৃত্যুদণ্ড দেয়া হলে বিনিময়ে সৌদিকে অনেক বড় মূল্য দিতে হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর সেই একই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারি।

তিনি বলেন, ‘সৌদি সরকার নিজেই সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গিদের সমর্থন দেয়। অথচ অভ্যন্তরীণ সমালোচকরা শিকার হন নিপীড়ন ও মৃত্যুদণ্ডের এ ধরণের নীতি অনুসরণের কারণে সৌদি সরকারকে অনেক বড় মূল্য দিতে হবে।’

সন্ত্রাসী কার্যকলাপের দায়ে শনিবার সৌদি আরবে প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেখ নিমর ছিলেন ২০১১ সালে পূর্বাঞ্চলীয় প্রদেশে শুরু হওয়া সরকার-বিরোধী আন্দোলনের প্রকাশ্য সমর্থক। ওই প্রদেশে বহু আগে থেকেই শিয়া সম্প্রদায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছিলো।

দু’বছর আগে শেখ নিমর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন। ওই ঘটনার সময় টানা কয়েকদিন উত্তেজনা বিরাজ করে দেশটিতে।

গত অক্টোবরে শেখ নিমরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেয়া হয়। তার ভাই জানান, সৌদি সরকারের বিরুদ্ধে গিয়ে নিরাপত্তা বাহিনীর বিপক্ষে লড়ার জন্য অস্ত্র তুলে নেয়ার এবং ‘বিদেশী সহায়তা’ লাভের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.