Sylhet Today 24 PRINT

পাকিস্তানে এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার রুপি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২৩

অর্থনীতিসহ নানা সংকটে বিপর্যস্ত পাকিস্তানে স্বর্ণের দাম এখন দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২৪ ক্যারেটের স্বর্ণ কিনতে একজন ক্রেতাকে দিতে হচ্ছে ২ লাখ ১৭ হাজার রুপি।

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির পতনের প্রেক্ষাপটে নতুন করে এ দর নির্ধারণ হয়েছে বলে বুধবার এক প্রতিবেদেন জানিয়েছে জিও নিউজ।

দেশটিতে সর্বশেষ ভরিতে (১১. ৬৬ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ২৫০০ রুপি। অন্য মানের স্বর্ণের দামও বেড়েছে একই হারে। অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (এপিএসজিজেএ) স্বর্ণের নতুন দর প্রকাশ করেছে।

মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আমেরিকান ডলারের বিপরীতে রুপির দাম ছিল ২৮৭ দশমিক ৮৫। এর প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

নিত্যপণ্যসহ নানা পণ্যের দাম বাড়ছে দক্ষিণ এশিয়ার এ দেশে। রাজনৈতিক সংকট তো সঙ্গে আছেই। রমজানে গ্যাস-বিদ্যুতেও ঘাটতি যোগ হয়েছে। রান্না করতে গিয়ে গ্যাস পাচ্ছেন না অনেকে।

জিও নিউজ বলছে, পাকিস্তানে মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৪ শতাংশ হয়েছে।

স্বর্ণের দামের লাগাম না টানা না গেলেও দেশটিতে অপরিবর্তিত রূপার দাম। ভরি প্রতি রুপা বিক্রি হচ্ছে ২৪৫০ রুপিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.