Sylhet Today 24 PRINT

তেহরানে সৌদি দূতাবাসে আগুন দিয়েছে শিয়ারা

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। খবর বিবিসির।

এর আগে তারা দূতাবাসের সামনে বিক্ষোভ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে গত শনিবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও নিমর এর সমর্থকেরা মনে করেন, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে।

নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এছাড়া এই ঘটনার কঠোর প্রতিশোধ নেবার কথা ঘোষণা করেছে ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড।

এদিকে এ নিয়ে সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও প্রতিবাদ হয়েছে। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ওই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.