Sylhet Today 24 PRINT

ভারতের মহারাষ্ট্রে ঝড়ে টিনের চালে গাছ পড়ে নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২৩

ভারতের মহারাষ্ট্র প্রদেশে ঝড়ের মধ্যে উপড়ে পড়া গাছচাপায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (৯ এপ্রিল) মহারাষ্ট্রের আকোলায় একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ পড়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় গাছ উপড়ে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সেসময় প্রবল বৃষ্টি এবং জোরালো বাতাসের কারণে পুরানো একটি নিম গাছ টিনের শেডের ওপর ভেঙে পড়ে।

ঘটনার সময় ওই টিন শেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন। পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন এবং তাদের মধ্যে সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজনকে আহত অবস্থায় আকোলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস বলেছেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছচাপা পড়া এবং কিছু ভক্ত নিহত হওয়ার এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘কালেক্টর ও পুলিশ সুপার অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার কাজ সমন্বয় করছেন। আমরা তাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি।’

মহারাষ্ট্রের এই উপ-মুখ্যমন্ত্রী বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সামান্য আহতদের বালাপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.