Sylhet Today 24 PRINT

পুতিনকে ‘বেয়াই’ বানাতে চেয়েছিলেন গাদ্দাফি

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'বেয়াই' সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। বেয়াই সম্পর্ক স্থাপনে পুতিনের মেয়ের সঙ্গে মুয়াম্মার গাদ্দাফি তার ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন।

লিবিয়ার প্রয়াত এ স্বৈরশাসকের সাবেক এক উপদেষ্টা এমন দাবি করেছেন।

মোহাম্মেদ আবদেল মোতালেব আল-হওনি আল-আরাবিয়াকে বলেছেন, গাদ্দাফি লিবিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তার দ্বিতীয় ছেলে ও সম্ভাব্য উত্তরসূরী সাইফ আল-ইসলাম গাদ্দাফির সঙ্গে পুতিনের এক মেয়ের বিয়ের প্রস্তাব দেন। গাদ্দাফি এবিষয়ে পুতিনের সঙ্গে আলাপ করেন। ছেলেকে তার ভবিষ্যৎ জামাতা হিসেবে প্রস্তাব করেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট মুখ ফিরিয়ে নিয়ে বলেন, তার মেয়ে সাইফ আল-ইসলামকে চেনে না।

২০১১ সালে ক্ষমতাচ্যুত হয়ে ন্যাটো জোটসমর্থিত অভ্যুত্থানে নিহত হন গাদ্দাফি। গত বছরের জুলাইতে

ত্রিপোলীর আদালত সাইফ আল-ইসলামকে মৃত্যুদণ্ড দেয়, মানবাধিকার গোষ্ঠীগুলো যার সমালোচনায় সোচ্চার।

২০১১ সালের অভ্যুত্থানের পর পরই লিবিয়া ছেড়ে পালানোর সময় আটক হন সাইফ। এর পর থেকে তিনি লিবিয়ার পার্বত্য শহর জিনতানে বিদ্রোহী মিলিশিয়াদের হাতে বন্দি রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.