Sylhet Today 24 PRINT

নাগরদোলায় চুল আটকে বিচ্ছিন্ন হয়ে গেল মাথার খুলি, তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৩

নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে চুল আটকে খুলি উপড়ে প্রিয়াঙ্কা বাউড়ি নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ায়। খবর আনন্দবাজারের।

সংবাদ সূত্রে জানা যায়, বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলার শেষ দিন শুক্রবারে অনেক ভিড় ছিল। ভাদুল গ্রাম থেকে পরিবারের কয়েকজনের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন প্রিয়াঙ্কাও। এদিক ওদিক ঘোরাঘুরির পর সবাই মিলে নাগরদোলায় চড়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগরদোলা ঘুরতে শুরু করলে প্রিয়াঙ্কার খোলা চুল কোনোভাবে আটকে যায় বেয়ারিং ও ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে আটকে পড়ে চুলসহ নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়াঙ্কা। কয়েক সেকেন্ড ঝুলে থাকার পর মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রিয়াঙ্কা প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। তার অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রিয়াঙ্কার।

এ ঘটনায় নিহতের পরিবার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.