Sylhet Today 24 PRINT

পরপর দুই ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২৩

অল্প সময়ের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। প্রাথমিকভাবে এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) সকালে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতু এলাকায় দুই দফায় প্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর অল্প সময় পরই একই এলাকায় আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। 

ইএমসিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রথম ভূমিকম্পের গভীরতা ছিল ৪৩ কিলোমিটার, দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।

এর আগে, গত ১৪ এপ্রিল স্থানীয় সময় বিকেলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটির সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাঙ অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত, যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন। যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরি তৈরি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.