Sylhet Today 24 PRINT

বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২৩

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিতে অনিয়মের অভিযোগ ওঠার পর শুক্রবার দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

অব্যাহতিপত্রে তিনি বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।

শার্প আরও বলেছেন, বিবিসিকে অগ্রাধিকার দিতেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছন। তবে আগামী জুন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। জুনের পর তার স্থলাভিষিক্ত হবেন নতুন কেউ।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সুপারিশে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রিচার্ড শার্প। কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পরই অভিযোগ ওঠে—নিজের প্রভাব খাটিয়ে এবং সরকারি নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১০ কোটি ৫৮ লাখ টাকা) ব্যাংক ঋণ পেতে মধ্যস্থতা করেছিলেন শার্প। এই কাজ তিনি করেছিলেন বিবিসির চেয়ারম্যান পদের জন্য বরিস জনসনের সুপারিশ লাভের মাত্র এক সপ্তাহ আগে।

এই অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখা শুরু করে যুক্তরাজ্য সরকারের ব্যাংক ঋণবিষয়ক পর্যবেক্ষক সংস্থা। তদন্তে বিবিসি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তার জেরেই শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শার্প।

যুক্তরাজ্যভিত্তিক অপর সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কোম্পানির চেয়ারম্যানের এই ‘গোপন বোঝাপড়া’ প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপকভাবে বিব্রত ও ক্ষুব্ধ বোধ করছেন বিবিসি যুক্তরাজ্য শাখার কর্মীরা।

এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিক্রিয়া জানতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.