Sylhet Today 24 PRINT

সিদ্ধার্থ ধর আইএসের নতুন প্রোপাগান্ডা প্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৬

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাম্প্রতিক প্রোপাগান্ডা ভিডিওগুলোতে দেখানো প্রধান ব্যক্তির নাম সিদ্ধার্থ ধর। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ৫ জনকে হত্যা করে আইএস। সেই ভিডিওতে সিদ্ধার্থ ধরকে দেখা গিয়েছিল।

এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ব্রিটিশ গোয়েন্দা সূত্র বিবিসিকে জানিয়েছে, ওই ব্যক্তি সিদ্ধার্থ ধর বলে তারা ধারণা করছে।

যুক্তরাজ্যের একটি হিন্দু পরিবারে জন্ম নেয়া সিদ্ধার্থ ধর পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং উগ্রপন্থী গোষ্ঠী আল মুহাজিরুনে যোগ দেন। তিনি পূর্ব লন্ডনে বসবাস করতেন।

সিরিয়া যাওয়ার আগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের সামনে উগ্র বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

তার এখনকার নাম আবু রুমায়শা। সাবেক ব্যবসায়ী এবং চার সন্তানের জনক ধরকে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে ২০১৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আইএসের প্রোপাগান্ডা ভিডিওতে ‘জিহাদি জন’ নামের একজনকে দেখা যেত, যার আসল নাম মোহাম্মদ এমওয়াজি। তিনিও ছিলেন একজন ব্রিটিশ নাগরিক। বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.