Sylhet Today 24 PRINT

জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন মেহবুবা!

সিলেটটুডে ডেস্ক  |  ০৭ জানুয়ারী, ২০১৬

জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মেহবুবা মুফতি। বৃহস্পতিবার মেহবুবার বাবা মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা যান। তাঁর মৃত্যুর পর ক্ষমতাসীন দল সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী পদের জন্য মেহবুবার প্রতি সমর্থন জানায়। খবর এনডিটিভি অনলাইনের।

জম্মু ও কাশ্মীরের বর্তমান ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রতিষ্ঠাতা মুফতি সাঈদ বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান। গত বছরের মার্চে জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সাঈদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করেন তিনি।

পিডিপির নেতা ও লোকসভার সদস্য মোজাফফর হোসাইন বেগ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সর্বসম্মত যে, মেহবুবাই তাঁর বাবার উত্তরসূরি হবেন।’

পিডিপি সর্বসম্মত হলেও মেহবুবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপির সমর্থন প্রয়োজন হবে। বিজেপির কোনো নেতা অবশ্য মেহবুবার বিষয়ে জোরালোভাবে বিরোধিতা করবেন বলে মনে হয় না। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জম্মু ও কাশ্মীরের ৮৭ আসনের বিধানসভায় পিডিপির আসন ২৮ টি ও বিজেপির আসন ২৫টি। এ ছাড়া ন্যাশনাল কনফারেন্সের ১৫ ও কংগ্রেসের ১২টি আসন রয়েছে।

বর্তমানে ৫৬ বছর বয়সী মেহবুবা ১৯৯৬ সালে রাজনীতি শুরু করেন। বাবা মুফতি সাঈদের সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে পিডিপি প্রতিষ্ঠা করেন মুফতি সাঈদ। পিডিপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেহবুবা। দুই কন্যা সন্তানের মা মেহবুবা ২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়লাভ করেন।

১৯৯৯ সালের প্রতিষ্ঠিত পিডিপি ২০০২ সালে কংগ্রেস ও কিছু স্বতন্ত্র বিধায়কের সমর্থন নিয়ে জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো সরকার গঠন করে। ২০০৮ সালে সরকার গঠনে ব্যর্থ হলেও ২০১৫ সালে বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরে আসে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.