Sylhet Today 24 PRINT

ব্রিটিশ ওয়েবসাইটের দাবি : নেতাজির মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ান গান্ধী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৬

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী! এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এক ব্রিটিশ ওয়েবসাইট।

নেতাজি অন্তর্ধান-রহস্যের উন্মোচন করার লক্ষ্য নিয়ে তাঁর শেষ জীবনের ঘটনাক্রম খতিয়ে দেখতে 'www.bosefiles.info' নামে একটি ওয়েবসাইট চালু হয় ব্রিটেনে।

সেখানে বলা হয়েছে, ১৯৪৬ সালের জানুয়ারি মাসে বিমান দুর্ঘটনায় তাইওয়ানে নেতাজির অন্তর্ধানের পর মহাত্মা বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, বসু বেঁচে আছেন এবং ঠিক সময়ই প্রকাশ্যে আসবেন।

ওয়েবাসাইটের দাবি, গান্ধীর মতো কিংবদন্তি মানুষ এধরনের কথা বলায় ভারত ও ব্রিটেনে বিভ্রান্তির সৃষ্টি করে।

যদিও, সেই বছরের মার্চ মাসেই ‘হরিজন’ প্রকাশনায় গান্ধী স্বীকার করেন যে, তাৎক্ষণিক প্রতিক্রিয়াস্বরূপ তাঁর মনে হয়েছিল, নেতাজি জীবিত আছেন। সেখানে মহাত্মা লিখেছিলেন, আমি যা আগে বলেছি, তা ভুলে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সামনে যে তথ্যপ্রমাণ এসেছে, তাতে সকলের এটাই মেনে নেওয়া উচিত যে, নেতাজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

ঠিক পরের বছর, অর্থাৎ ১৯৪৭ সালের ২৩ জানুয়ারি, নেতাজির ৫০ তম জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধী বলেন, দেশের সেবার জন্য তিনি (নেতাজি) নিজের অসাধারণ কেরিয়ার ত্যাগ করেছিলেন।

নেতাজির সম্পর্কে গান্ধী আরও যোগ করে জানান, উনি যে পরীক্ষার মাধ্যমে গেছেন, অন্য কোনও মানুষ হলে চাপের কাছে নতিস্বীকার করত। কিন্তু, উনি নিজের জীবনে তুলসীদাসের সেই মহান উক্তি, 'সাহসীদের জন্য সব ঠিক হয়'-তা প্রমাণ করেছেন।

সূত্র: এবিপি আনন্দ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.