Sylhet Today 24 PRINT

লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে হামলা, নিহত প্রায় অর্ধশত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৬

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জ্লিটান শহরের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে

হাসপাতাল কর্মীরা প্রাথমিকভাবে বেসামরিক নাগরিকসহ ৬৫ জন নিহত হওয়ার কথা বললেও পরে ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রাইসিস কমিটির প্রধান ফোজি আওনাইস ৪৭ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় শত শত পুলিশ সদস্য সেখানে জমা হচ্ছিল বলে জানান শহরটির মেয়র মিফতাহ লাহমাদি।

হামলার দায় কেউ স্বীকার করেনি। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে এ প্রশিক্ষণ কেন্দ্রটি সামরিক ঘাঁটি ছিল।

২০১১ সালে গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকেই লিবিয়া পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। ইসলামিক স্টেট (আইএস) সেখানে মাথা চাড়া দিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। জঙ্গিদের দৌরাত্ম বাড়তে শুরু করার পর থেকে লিবিয়ায় এটি বড় ধরনের বোমা হামলা।

বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে ৬০ কিলোমিটার দূরের মিসরাতা থেকেও। প্রত্যক্ষদর্শীরা জানান, শার্পনেলের আঘাতে আহত বহু মানুষকে এম্বুলেন্স এবং কারে করে মিসরাতা হাসপাতালে নেওয়া হয়েছে।

লিবিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার বলেছেন, আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

লিবিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রশিক্ষণ নিতে আসা শত শত সদস্য সকালে মহড়া দেওয়ার সময় হামলা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী-নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে লিবিয়ার আল-নাবা টিভি নেটওয়ার্ক।

এর আগে গত বছর ফেব্রুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কুব্বাহ শহরে তিনটি গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত হয়। আইএস জঙ্গিদের ওপর মিশরের বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.