Sylhet Today 24 PRINT

ব্রাজিলে ভবন ধসে শিশুসহ নিহত অন্তত ৮

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২৩

ব্রাজিলে একটি ভবন ধসে পড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।

বিবিসি জানায়, দেশটির উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৮ ও ৫ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। ধসে পড়া ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে।

বিবিসি আরও জানিয়েছে, চারতলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকমীরা গিয়ে বেঁচে যাওয়াদের সাহায্য করছেন।

উপকূলীয় শহর রেসিফে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। শহরটিতে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে।

পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা বলেছেন, আরও বৃষ্টি হতে পারে। স্থানীয়দের নিরাপদে অবস্থানের পরামর্শ দিচ্ছেন তারা। তিনি জানান, নিরাপত্তার কারণে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.