Sylhet Today 24 PRINT

‘বিয়ের বাজারে দর কমছে আইনজীবীদের’

ওয়েব ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৬

এখন বিয়ের পাত্র হিসেবে আইনজীবীদের বাজার একেবারে খারাপ। মেয়ের বাবারা ফিরেও তাকাচ্ছেন না। এমন কথা বলছেন স্বয়ং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর।

সিভিল সার্ভিস কিংবা অন্যান্য পেশার তুলনায় আইনজীবীদের পক্ষে ভাল বউ পাওয়া এখন দুষ্কর বলেই মনে করছেন বিচারপতি তীর্থ সিংহ ঠাকুর। খবর এবেলা'র।

কেন পাত্র হিসেবে এত কম নম্বর আইনজীবীদের? এক্ষেত্রে অবশ্য নীতির প্রশ্ন তুলেছেন ভারতের প্রধান বিচারপতি। তিনি বলেছেন, 'ভারতে এখন ২০ লাখ আইনজীবী আছেন। এই পেশায় এখন বাড়তি ভিড়। ফলে অনৈতিক কাজকর্ম বাড়ছে। আইনজীবীদের মূল্যবোধ কমছে। এর জন্য বিয়ের বাজারেও দর কমছে।'

এখানেই না থেমে এই 'ভিড়' নিয়ে টি এস ঠাকুর বলেছেন, 'এখন বার কাউন্সিল বলতেই পারে— যথেষ্ট হয়েছে, আর নতুন আইনজীবী চাই না।'

এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি বলেন, "বিয়ের বাজারে কেউ যদি বলে, ছেলে আইএএস অফিসার কিংবা আইএফএস, আইপিএস তা হলে ঠিক আছে। কিন্তু কেউ যদি বলেন, তার ছেলে আইনজীবী, তবে মেয়ের বাবারা 'না না' বলে পালাবেন।'

তবে এখনই হাল ছাড়তে বারণ করেছেন প্রধান বিচারপতি। টি এস ঠাকুরের আশা, আইনজীবী পাত্রদের বিয়ের বাজার আজ না হয় কাল ভালো হবেই।

আইনজীবীদের বাজার পড়ে যাওয়া নিয়ে কিছুটা রসিকতার সুর শোনা গেলেও এ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছন প্রধান বিচারপতি। ভারতজুড়ে আইনজীবীদের মান নিম্নগামী হওয়া নিয়েও সতর্ক করেছেন তিনি।

দিল্লিতে বার কাউন্সিল অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে টি এস ঠাকুর বলেন, কোনও বিষয়ে সুযোগ পাচ্ছে না এমন ছাত্ররাও এলএলবি পড়তে চলে আসছে। কলেজগুলোর মানও ভালো নয়। আর এতেই ভিড় বাড়ছে আইনজীবীর। কমছে বিয়ের বাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.