Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ মৃত্যু, নিখোঁজ ১৯

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ জুলাই, ২০২৩

ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের উপকূলীয় এলাকায় একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার সকালে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার মাঝরাতে ৪০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার পর ছয়জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফেরিটি ডুবে যাওয়ার কারণ জানতে তদন্ত চলছে।

বিবৃতিতে দক্ষিণপূর্ব সুলাবেশির কেন্দারি শহরের অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় প্রধান মুহাম্মদ আরাফাহ জানান, ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি জানান, একটি দল ফেরিটি ডুবে যাওয়ার স্থানে এবং আরেকটি দল নৌকা নিয়ে পানির উপরিভাগে উদ্ধার তৎপরতা চালাবে।

বিবৃতিতে জানানো হয়, ফেরিটি বুটন দ্বীপের ল্যান্টো গ্রাম থেকে দক্ষিণপূর্ব সুলাবেশির মুনা দ্বীপের লাজিলি গ্রামে যাচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.