Sylhet Today 24 PRINT

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি, ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৩

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন তিন ভারতীয় সেনা।

দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

অভিযানের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তুমুল গোলাগুলির মধ্যে সেনাবাহিনীর তিন সেনা নিহত হন।

ভারতীয় সেনার পক্ষে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, কুলগামের হালানের জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে তিন জন কর্মী গুরুতর জখম হয়ে নিহত হন। এখনও তল্লাশি অভিযান চলছে।

ওই এলাকায় আরও সেনা পাঠিয়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুইটি পৃথক জঙ্গি হামলায় ভারতীয় সেনার ১০ জওয়ান নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.