সিলেটটুডে ডেস্ক | ১১ জানুয়ারী, ২০১৬
জাপানে এক শিক্ষার্থীর জন্য চালু রাখা হয়েছে পুরো একটি রেলস্টেশন। এই শিক্ষার্থী যাতে সময় মতো স্কুলে যেতে পারে তাই চালু রাখা এই রেলস্টেশনটি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির ফেসবুক পেজে এমন খবর প্রকাশ করা হয়েছে।
সিসিটিভি জানাচ্ছে, দেশটির একটি জনহীন রেলওয়ে স্টেশন কেবল একজন স্কুলপড়ুয়া শিক্ষার্থীর জন্য দীর্ঘদিন ধরে চালু রয়েছে। যেন সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।
হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে ওই ‘কামি শিরাতাকি স্টেশন’। নিতান্তই অজপাড়া গাঁ বলতে যা বোঝায় প্রায় তা-ই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় এখানকার কেউ খুব প্রয়োজন না হলে রেলপথে যাতায়াত করে না। স্টেশনটা এতোই জনহীন থাকে যে, এ কারণে রেলদফতর স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথাও ঘোষণা করে।
কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে পরিদর্শকরা লক্ষ্য করেন, একটি মেয়ে সারাবছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তার স্কুলে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হবে।
ব্যস, আর কোনো কথা নয়, ওই ছাত্রীর জন্যই গোটা স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেবল তাই নয়, মেয়েটি যেন সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে, সেজন্য স্টেশনগামী ও স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচিও পাল্টে দেওয়া হয়। সারাদিনে ওই একটি ট্রেন তাকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়।
সিসিটিভি জানাচ্ছে, রেলদফতরের সিদ্ধান্ত, যত দিন না মেয়েটি স্নাতক হচ্ছে, তত দিন এই ট্রেন পরিসেবা চালু রাখা হবে সেখানে।