Sylhet Today 24 PRINT

চন্দ্রযান অবতরণস্থলের নাম রাখলেন মোদি ‘শিবশক্তি’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০২৩

চন্দ্রযান–৩ চাঁদের দক্ষিণ মেরুর যেখানে অবতরণ করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই জায়গার নাম দিলেন ‘শিবশক্তি পয়েন্ট’।

ভারতের প্রধানমন্ত্রী জানালেন, সার্থক চন্দ্রাভিযানের দিন ২৩ আগস্ট এখন থেকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে উদ্‌যাপিত হবে।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ও অন্য বিজ্ঞানী–প্রযুক্তিবিদদের সামনে প্রধানমন্ত্রী এই নামকরণের ব্যাখ্যায় মোদি বলেন, শিবের সঙ্গে শক্তি জোড়া হয়েছে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, প্রেরণা ও নারী শক্তিকে সম্মান দিতে। ইসরোর নারী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেন। অভিনন্দন জানান। বলেন, নারী শক্তির অবদান ছাড়া চন্দ্রাভিযান সফল হতো না।

দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে দেশে ফেরার পথে দিল্লি না ফিরে শনিবার (২৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী মোদি সোজা চলে যান কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’য় ভাষণ দেওয়ার সময় ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের একাগ্রতা, পরিশ্রম ও ধৈর্য দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতীয় বিজ্ঞানের জয়যাত্রার শঙ্খধ্বনি আজ অনুরণিত হচ্ছে। ভারতের জ্ঞান–বিজ্ঞান দাসত্বের সিন্দুকে আটকে রয়েছে। স্বাধীনতার অমৃতকালে তা থেকে মুক্ত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, চাঁদের যে জায়গায় আমরা পৌঁছেছি, আজ পর্যন্ত কেউ সে জায়গায় নামতে পারেনি। বিশ্ব তাই আজ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিকে কুর্নিশ করছে।

চন্দ্রাভিযানের সঙ্গে জড়িত প্রত্যেককে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা একটা গোটা প্রজন্মকে জাগিয়ে দিয়েছেন এবং তাদের মধ্যে নিজেদের সাফল্যের দাগ কেটেছেন।

চন্দ্রাভিযানের সাফল্য নিশ্চিতভাবেই শাসক দল বিজেপির রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে। হিন্দুত্ববাদী চেতনার সঙ্গে মিলিয়ে তাই করা হয়েছে নামকরণ। হিন্দু দেবতা ‘শিব’কে বাছা হয়েছে যেহেতু শিবের জটায় লেপ্টে থাকে চাঁদ। ‘শক্তি’ শব্দ বাছার কারণ যে নারী শক্তিকে সম্মান জানানো, সে কথা মোদি নিজেই বলেছেন। চন্দ্রযান–২ যেখানে ব্যর্থ হয়েছিল, সেই স্থানের নামকরণ ‘তেরঙা পয়েন্ট’ করা হয়েছে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.