সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০১৬
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে; কাছাকাছি সময়ে ছয়টি স্থানে বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত হয়েছেন অন্তত সাতজন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এর মধ্যে একটি বিস্ফোরণের পেছনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা থাকতে পারে।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে জাকার্তার কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ কার্যালয়ের কাছে এবং সারিনা শপিং মলের বাইরে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ওই এলাকায় পরপর অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জেরেমি ডগলাস নামে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পরপরই শুরু হয় গোলাগুলি।
বিস্ফোরণস্থল থেকে দেড়শ মিটার দূরে নিজের অফিসের দশ তলার জানালা থেকে রাস্তার আতঙ্ক এবং পুলিশের তৎপরতার ছবি তুলে তিনি টুইটারে পোস্ট করেন।