Sylhet Today 24 PRINT

এই পানিপুরি বিক্রেতা মোদি নন, তিনি অনিল ভাই থাক্কর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২৪

ছবি: সংগৃহীত

পাঞ্জাবির ওপর কোটি পরা সৌম্যদর্শনের এক ব্যক্তি। চোখে চশমা, মাথায় শুভ্র চুল, মুখেও সাদা দাড়িগোঁফ। একের পর এক পানিপুরি বানাচ্ছেন। তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। দূর থেকে দেখলে মনে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু তিনি নরেন্দ্র মোদি নন, তার নাম অনিল ভাই থাক্কর।

ভারতের গুজরাটের আনন্দ এলাকায় তার পানিপুরি বিক্রির দোকান রয়েছে। নাম ‘তুলসী পানিপুরি সেন্টার’।

মজার বিষয় হলো, অনিলের কাছে পানিপুরি খেতে গেলে যে কেউ ক্ষণিকের জন্য হলেও থমকে যেতে বাধ্য। কেননা, অনিল দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। বিশেষ করে তাকে পাশ থেকে দেখলে মোদি বলে যে কারও মনে হতে পারে।

অনিলের পানিপুরি বানানো ও বিক্রির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভারতজুড়ে এখন লোকসভা নির্বাচনের মৌসুম চলছে। এমন সময়ে গুজরাটে মোদির মতো দেখতে অনিলের সেই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা চলছে।

শুধু পোশাকে নয়, মুখ, চুলের ধরন, সাদা দাড়িগোঁফ—সবকিছুতে মোদির সঙ্গে দারুণ মিল অনিলের। বয়সটাও কাছাকাছি। মোদির বয়স এখন ৭৩ বছর। অনিলের ৭১। তিনিও মোদির মতো গুজরাটেরই মানুষ।

অনিলের দাদা পানিপুরির ব্যবসা শুরু করেছিলেন। ১৮ বছর বয়স থেকে অনিল পানিপুরি বিক্রি শুরু করেন। অনিল নিজ হাতে দোকান সামলান। তিনি বলেন, চেহারা ও পোশাক মোদির মতো হওয়ায় ক্রেতারা অবাক হন। অনেকে তার সঙ্গে সেলফি তোলেন।

অনিল আরও বলেন, মোদির মতো দেখতে হওয়ায় স্থানীয় লোকজন ও পর্যটকদের কাছে তিনি বেশ শ্রদ্ধা ও ভালোবাসা পান।

মোদির মূল্যবোধ বেশ পছন্দ অনিলের। তিনি অনুপ্রাণিতও। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে মোদি যে প্রচার চালাচ্ছেন, তা তিনি সমর্থন করেন, মানেন। অনিল বলেন, মোদির কথা মেনে তিনি তার দোকান সব সময় পরিচ্ছন্ন রাখেন।

শুধু অনিল একাই নন, মোদির মতো দেখতে আরেকজন আছেন মুম্বাইয়ে। নাম বিকাশ মহন্ত। চলতি বছরের শুরুতে তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.