Sylhet Today 24 PRINT

জিতলেন ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শোর রচনা ব্যানার্জি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২৪

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলি আসনে জয় পেলেন ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি।

এই আসনে গতবার বিজয়ী হওয়া বিজেপির এমপি লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তিনি।

দিদি নম্বর ওয়ান রিয়েলিটি শো জি-বাংলা টেলিভিশন চ্যানেলে প্রচার হয়। 

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে লকেটকে হারানো রচনা পেয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ ভোট।

রচনা ও লকেট দুজনই একসময় রূপালি পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতি এই বন্ধুত্ব নষ্ট করবে না—এমন কথা প্রচারণার শুরু থেকেই বলে আসছিলেন তারা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সম্প্রতি রাজনীতিতে পা রেখেছিলেন রচনা। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে তার অনেক কথাই ব্যঙ্গ করে মিম আকারে ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তবে বিশ্লেষকেরা বলছেন, ব্যঙ্গ হলেও এসব মিম আসলে রচনার পক্ষেই গেছে।

‘কিচেন পলিটিকস’ তথা নারী মহলের গ্রহণযোগ্যতাই রচনার জনপ্রিয়তার মাপকাঠি হয়েছে বলে মনে করছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.