Sylhet Today 24 PRINT

সংখ্যালঘুদের ওপর হামলায় ইইউ রাষ্ট্রদূতদের গভীর উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০২৪

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঢাকায় ইইউ দূতাবাস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ইইউ দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানাই।’

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বলেছেন, ‘আমরা জরুরি ভিত্তিতে সংযত থাকতে, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশিকে আহ্বান জানাই।’

প্রসঙ্গত ঢাকায় এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও নেদারল্যান্ডসের দূতাবাস রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.