Sylhet Today 24 PRINT

মোদি-বাইডেনের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নেই: হোয়াইট হাউস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২৪

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ নেই।

সোমবার (২৬ আগস্ট) রাতে এক্স হ্যান্ডলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করে তিনি লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি। ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু- বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

বাইডেন ও মোদির মধ্যকার এই ফোনালাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ইস্যু উল্লেখ করা হয়নি।

স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। পোল্যান্ড এবং ইউক্রেনে তার ঐতিহাসিক সফর ও জ্বালানি সেক্টরসহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তা দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেন মোদির প্রশংসা করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.