Sylhet Today 24 PRINT

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৩০ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপের সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ।

এ ছাড়া তিনি আশা করেন, দক্ষিণ এশিয়ার এ দুই দেশের মধ্যে সদ্ভাব জনগণের সুবিধার জন্য যথেষ্ট সহযোগিতায় রূপান্তরিত হবে। এ সময় ফোন করার জন্য শাহবাজ শরিফকে ধন্যবাদ দেন ড. ইউনূস।

এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থনের’ কথা জানিয়েছেন বাইডেন।

এ সময় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস ও জাস্টিন ট্রুডো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.