Sylhet Today 24 PRINT

গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ আরও ৩৮ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলায় নারী-শিশুসহ আরও ৩৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ গাজায় খান ইউনিসের বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে।

আল জাজিরা জানায়, খান ইউনিসে হামলার দৃশ্য দেখানো চিত্রগুলি উদ্বেগজনক। গাজার আল নাসের হাসপাতালে অনেক লাশ পড়ে আছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ৮৬৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৫৪৪ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলের নাগরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.