Sylhet Today 24 PRINT

চিন্ময়ের পাশে থাকার ঘোষণা ইসকনের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বাংলাদেশ শাখা। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা এই হিন্দু পণ্ডিতের পাশ দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। ওই পোস্টে ইসকন জানায়, ‘ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।’

এর আগে, ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই। আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)। এরপর গত সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলার পর কারাদণ্ডাদেশ দেওয়া হলে আদালত চত্বরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে চিন্ময় সমর্থকদের বর্বর হামলায় প্রাণ হারান সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.