Sylhet Today 24 PRINT

টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২৪

প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা দিয়েছে সাময়িকীটি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি মার্কিন প্রভাবশালী সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হলেন।

বিবৃতিতে টাইম ম্যাগাজিন বলেছে, ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদান, আমেরিকান প্রেসিডেন্সির পুনর্নির্মাণ এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।’ এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম।

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেছেন, ‘ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ‘ভালো কিংবা খারাপ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।’

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তির খেতাব দেওয়া শুরু করে টাইম ম্যাগাজিন। মার্কিন এই সাময়িকী তখন থেকে এমন ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বিশ্বজুড়ে ‘ভালো কিংবা খারাপের জন্য...’ সারা বছরের ঘটনাপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন।
অতীতে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ, পোপ ফ্রান্সিস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টাইমের বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।

প্রত্যেক বছরের বিজয়ী নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন টাইমের সম্পাদকরা। ২০২৪ সালের বর্ষসেরা পুরস্কারের জন্য অন্তত ১০ জনের নাম বিবেচনায় নিয়েছিল টাইম। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কও ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.