সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০২৪
মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে ঘিরে সৃষ্ট বিরোধে ২১ জন প্রাণ হারিয়েছেন।
দেশটির সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন দলকে জয়ী ঘোষণার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
দাঙ্গার বিষয়টি নিশ্চিত করে মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকল রন্ডা জানান, এই ঘটনায় দুই জন পুলিশ সদস্যও মারা গেছেন।
তিনি বলেন, ‘দেশজুড়ে অন্তত ২৩৬ জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। প্রায় ২৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। এর মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য।’
দেশটির সাংবিধানিক কাউন্সিল ৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল ফ্রেলিমোকে জয়ী ঘোষণার পর আন্দোলন ছড়িয়ে পড়ে।
এ পর্যন্ত নিরাপত্তাজনিক কারণে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জরুরী মোড়গুলোতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী আরও কঠোর অবস্থানে নেবে।’
এদিকে ফ্রেলিমোর বিরুদ্ধে বিরোধীদলসহ বেশ কিছু নির্বাচনী পর্যবেক্ষক ভোট কারচুপির অভিযোগ করেছেন।
তবে এসব দাবি প্রত্যাখান করেছে দলটি।
সোমবার (২৩ ডিসেম্বর) ফ্রেমিলোর প্রার্থী ড্যানিয়েল চাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণার পরপরই বিরোধীদলীয় প্রার্থী ভেনান্সিও মন্দলেন আন্দোলন শুরু করেন।
এদিকে আন্দোলনকারীরা স্থানীয় থানা, পেট্রোল পাম্প, ব্যাংক ও প্রশাসনিক বিভিন্ন স্থাপনায় আক্রমণ করেছে বলে জানা গেছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, টায়ার পুড়িয়ে রাস্তা আটকে রেখেছে তারা। দুর্নীতি ও বেকারত্বে জর্জরিত দেশের প্রশাসনের বিরুদ্ধে এভাবেই তারা অবস্থান নিচ্ছেন।
শুরুতে নির্বাচনী সিদ্ধান্তের জেরে আন্দোলন শরু হলেও এখন বেশ কিছু কারণ যুক্ত হয়ে গণঅসন্তোষ সৃষ্টি করেছে।
অক্টোবরের পর থেকেই দেশটিতে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে।
মোজাম্বিকের মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২১ অক্টোবরের পর থেকে ১৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
এ বিষয়ে বিরোধীদলীয় নেতা মন্দলেন বলনে, ‘সত্যের পথ কঠিন হলেও জয় একসময় সত্যেরই হয়।’