Sylhet Today 24 PRINT

শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৫

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি।

শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে দেশটির রাজধানী অটোয়ার রিডো হলে শপথ নিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের সরাসরি সম্প্রচারে এই তথ্য জানিয়েছে।

এছাড়া, রিডো হলে মার্ক কার্নির সাথে তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন।

এর আগে গত ১০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। যা আজ আনুষ্ঠাকিভাবে গ্রহণ করেছেন তিনি।

এদিকে মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী-নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপকে ‘নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট’ হিসেবে অভিহিত করেছেন কার্নি।

তিনি বলেছেন, “আমরা এই (বাণিজ্য) লড়াই চাইনি। কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয়। তো মার্কিনিদের, কোনো ভুল করা উচিত নয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইয়েও কানাডা জিতবে।”

এদিকে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ হিসেবে ডেকেছেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী-নির্বাচিত মার্ক কার্নি। তিনি বলেছেন, “আমেরিকা কানাডা নয়। এবং কানাডা কখনো, কোনোদিন কোনোভাবে আমেরিকার অংশ হবে না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.