Sylhet Today 24 PRINT

জাতিসংঘের স্থায়ী পরিষদে অস্থায়ী সদস্য হলো নতুন ৫ দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ২০২৬-২৭ মেয়াদের জন্য পাঁচটি নতুন দেশ নির্বাচিত হয়েছে। নতুন সদস্য দেশগুলো হলো— বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। খবর রয়টার্সের।

নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে প্রতি বছর পাঁচটি করে দেশ নির্বাচিত হয়। মোট ১৫ সদস্যের এই পরিষদের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। এদের প্রত্যেকের রয়েছে ভেটো দেওয়ার ক্ষমতা। বাকি ১০টি সদস্যপদ অস্থায়ী এবং মেয়াদ দুই বছর। এই পাঁচটি নতুন দেশ আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়াকে স্থলাভিষিক্ত করবে।

ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এসব আসন আঞ্চলিক গ্রুপভিত্তিক বরাদ্দ থাকে। তবে প্রার্থীরা যদি নিজ নিজ অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বীও হন, তবুও তাদের জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হয়।

নতুন নির্বাচিত সদস্যদের মধ্যে সাধারণ পরিষদে বাহরাইন পেয়েছে ১৮৬টি ভোট, কঙ্গো ১৮৩টি, লাইবেরিয়া ১৮১টি, কলম্বিয়া ১৮০টি এবং লাটভিয়া ১৭৮টি ভোট।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে নির্বাচিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.