Sylhet Today 24 PRINT

শান্তি না এলে ইরানের আরও হামলা: ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২৫

ইরানে বিমান হামলার পর রাত ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি এই হামলাকে 'একটি চমৎকার সামরিক সাফল্য' হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প বলেন, 'আজ রাতে আমি বিশ্বের কাছে জানাতে পারি যে, এই হামলাগুলো অসাধারণ সফল ছিল। এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ সক্ষমতা বন্ধ করা এবং সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা দেওয়া বিশ্বের এক নম্বর রাষ্ট্রের পারমাণবিক হুমকির অবসান ঘটানো।'

তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচিকে থামানোর জন্যই নেওয়া হয়েছে এবং এটি নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর দেশটিকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, 'এখন হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য ট্র্যাজেডি [মর্মান্তিক পরিণতি] অপেক্ষা করছে—যা গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও অনেক ভয়াবহ।'

ট্রাম্প আরও বলেন, 'মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্য বাকি আছে। আজ রাতের লক্ষ্যটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, আমরা সেসব বাকি লক্ষ্যবস্তুতে নিখুঁত গতি ও দক্ষতায় আঘাত হানব।'

এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও তিনি এর আগে শান্তির ডাক দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, ইরান যদি এখনো আলোচনায় না ফেরে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.