সিলেটটুডে ডেস্ক | ২৩ জুন, ২০২৫
ছবি সংগৃহীত
ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ বিমানঘাঁটির ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র অভিযানের সূচনা করা হয়েছে।
এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে “বিজয়ের বার্তা”।
এই হামলা এমন এক সময়ে শুরু হলো যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি কয়েক দফা পুনর্ব্যক্ত করেছিল তেহরান। আল-উদেইদ ঘাঁটি, যেটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, দীর্ঘদিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এদিকে, এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
বিবিসি পার্সিয়ান অ্যাক্সিওস ওয়েবসাইটের বরাত দিয়ে জানিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই ওয়েবসাইটটি এ তথ্য জানিয়েছে। এই ওয়েবসাইটে বলা হয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর কিছুক্ষণ আগে, ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছিল ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীকে হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে।
এএফপি ও রয়টার্স বলছে, কাতারে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।