সিলেটটুডে ডেস্ক | ২৪ জুন, ২০২৫
ফাইল ছবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে "তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার" নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীও বলছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
তারা বলছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা "হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে"। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।
ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।
তবে ইরানের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার ভোরে বলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেওয়া বন্ধ করবেন।
যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি- ট্রাম্প ‘মিনতি' করেছিলেন
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য 'মিনতি' করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান।
বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানান হয়েছে।