Sylhet Today 24 PRINT

ইরানের আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা প্রায় ধ্বংস : আয়াতুল্লাহ খামেনি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের বিজয় হয়েছে দাবি করে দেশটির জনগণের উদ্দেশে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।

 বৃহস্পতিবার (২৬ জুন) তার তৃতীয় ভিডিও বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, 'এত হম্বিতম্বি ও অহংকার সত্ত্বেও ইরানের আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা প্রায় ধ্বংস ও চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।'

খামেনি দাবি করেন, 'ইহুদিবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।'

তিনি তার ভিডিও বার্তায় আরও বলেন, ইরান এবার 'আমেরিকার মুখে কষে একটি থাপ্পড় মেরেছে'।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আমেরিকা যুদ্ধে হস্তক্ষেপ করেছে, কারণ 'ভেবেছে তারা যদি হস্তক্ষেপ না করে, তাহলে হয়তো ইহুদিবাদী সরকার [ইসরায়েল] সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।'

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, প্রধান মার্কিন ঘাঁটির নিরাপত্তা ভেঙে ঢুকতে পারা এবং সফলভাবে হামলা করাটা ইরানের একটি দুর্দান্ত পদক্ষেপ। ভবিষ্যতে ফের ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও এই পদক্ষেপের পুনরাবৃত্তি করা হতে পারে।

খামেনি বলেন, ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের নগর ও সামরিক এলাকার বহু-স্তরীয় প্রতিরক্ষা এবং লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম হয়েছে।ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জন্য অনেক মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, ইরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র বা আমাদের পারমাণবিক কর্মসূচির মতো অজুহাত ব্যবহার করে, কিন্তু তারা আসলে আমাদের আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছে। ইরানের ওপর মার্কিন হামলা ছিল ট্রাম্পের 'শোম্যানশিপ', এর বেশি কিছু নয়।

তিনি বলেন, আমেরিকা [আমাদের] পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। 'ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয়' হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.