Sylhet Today 24 PRINT

টেক্সাসে বন্যায় শতাধিক মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০৭ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওই অঞ্চলে আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে অঞ্চলটির বন্যা পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

টেক্সাসের গুয়াদালুপে নদীর ধারের গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ২৭ মেয়ে শিশু ও তাদের কাউন্সিলরদের মৃত হিসেবে পাওয়া গেছে। ক্যাম্প ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অকল্পনীয় মর্মান্তিক ঘটনায় আমাদের পরিবারের পাশাপাশি আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। আমরা তাদের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছি।’

এখনো নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান চলছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আপনাদেরকে ভুক্তভোগী পরিবারের জন্য প্রার্থনা করতে, তাদের সম্মান করতে ও গোপনীয়তা বজায় রাখতে আহ্বান জানাচ্ছি।

পার্শ্ববর্তী বিভিন্ন ক্যাম্প থেকেও অনেকে নিখোঁজ হয়েছেন। তাদের সংখ্যা প্রকাশ করা হয়নি। উদ্ধার কাজ পূর্ণগতিতে চললেও বন্যা পরিস্থিতির কারণে এ কাজ ব্যাহত হচ্ছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, স্যান অ্যান্টোনিওর উত্তরাঞ্চলে গত শুক্রবার ভোরের আগে ৪৫ মিনিটের প্রবল বর্ষণে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। এ সময়ের মধ্যে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। এতে আশপাশের অঞ্চল দ্রুত প্লাবিত হয়।

টেক্সাসের হিল কাউন্টিতে অন্তত ৬৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া ট্র্যাভিস, বার্নেট, কেনডাল, টম গ্রিন ও উইলিয়ামসন থেকে আরও অন্তত ১০ জনের মৃত্যুর খবর এসেছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, আবারও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এ পরিস্থিতির কারণে বন্যা আরও ছড়াতে পারে। কের-এর বাসিন্দাদের নিজেদের নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র থেকে কাদা পরিষ্কার করতে দেখা গেছে। অনেকেই বলেছেন, প্রতিবেশীদের বীরত্বের কারণে তারা রক্ষা পেয়েছেন।

কর্তৃপক্ষের দিকে এরই মধ্যে এ বন্যা পরিস্থিতি নিয়ে আঙুল উঠেছে। তীব্র বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু যে মাত্রায় বৃষ্টি হয়েছে, তা ছিল এর দ্বিগুণ। এ ছাড়া পূর্বাভাস জানানোর ক্ষেত্রে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সব মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কি না- এসব নিয়েও প্রশ্ন উঠছে। বিষয়গুলো নিয়ে পরে তদন্ত করে দেখা হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। আপাতত পূর্ণ মনোযোগ তারা দিচ্ছে উদ্ধারকাজের দিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.