Sylhet Today 24 PRINT

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি, নির্বাচন ৫ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের অর্ন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়লেন তিনি।

শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেন। তার শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চে হবে নির্বাচন।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়।

পরে প্রেসিডেন্টের কার্যালয় জানায় কার্কিই হচ্ছেন নতুন প্রধানন্ত্রী।

সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি।

জেন-জি (তরুণ প্রজন্ম)- যাদের নেতৃত্বে আন্দোলনে পতন ঘটেছে নেপালের ওলি সরকারের, তাদের মধ্যে সুশীলা কার্কির জনপ্রিয়তা আছে।

সততা, ন্যায়বিচার, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত তিনি। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কার্কির কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয়।

বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরাসরি সরকারের সঙ্গে সংঘাতে জড়াতেও পিছপা হননি কার্কি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.