Sylhet Today 24 PRINT

ভারতের গোয়ায় নাইট ক্লাবের বিস্ফোরণে নিহত অন্তত ২৩

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

ভারতের গোয়ার একটি নাইট ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এদের তিনজন বাদে বেশিরভাগই ক্লাবের কর্মচারী।

শনিবার (৬ ডিসেম্বর) রাতের এই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা গ্রামের বির্চ বাই রোমিও লেন রেস্তোরাঁয় এই দুর্ঘটনা হয়। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ধরে যায়। গত বছরই এই রেস্তোরাঁটি চালু হয়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘটনার পর সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘এটা গোয়ার জন্য খুব হৃদয়বিদারক একটা দিন। আরপোরায় একটা অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণ গেছে। আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনকে হারালেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার ফোনে কথা হয়েছে। রাজ্য সরকার সম্ভাব্য সকল প্রকাশ সাহায্য করছে।’

গোয়ার ডিজিপি অলোক কুমারও ২৩ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, একতলার রান্নাঘরেই মূলত আগুন সীমাবদ্ধ ছিল। অন্যত্র খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। বেশিরভাগ দেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর থেকে। মনে করা হচ্ছে, মরদেহগুলো নাইট ক্লাবের কর্মচারীদের। এ ছাড়া, সিঁড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.