Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা জমাদানে নতুন শর্ত যুক্ত হচ্ছে কাল

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইউএস অ্যাম্বেসি ঢাকা জানিয়েছে, ২১ জানুয়ারির পর যারা বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

ইউএস দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। আরও জানানো হয়,নতুন বিধান অনুযায়ী ভিসা সাক্ষাৎকারে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে যোগ্য বিবেচনা করলে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করা হবে। কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া কোনও আবেদনকারী বন্ড জমা দিতে পারবেন না। ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পরিশোধ করা অর্থের দায় নেবে না যুক্তরাষ্ট্র সরকার বলে সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.