Sylhet Today 24 PRINT

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত!

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী ‘অপারশন গজব-লিল হক’ অভিযান পরিচলনা করেছে। এই অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা এক বার্তায় এ দাবি করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।

২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান বাহিনী। বাহিনীর শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হন সেই সরকারের সর্বোচ্চ নেতা। তালেবান সরকার মূলত তার নির্দেশ ও দিকনির্দেশনা অনুযায়ী চলে।

তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে নির্মূলের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী। অভিযানে দুই প্রদেশে নিহত হন ৮০ জনেরও বেশি মানুষ।

সেই অভিযানের প্রতিশোধ নিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশ অনুযায়ী রাত ১২টা পর্যন্ত ডুরান্ড লাইন এলাকায় অভিযান চালিয়েছে আফগান সেনারা। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েক পাক সেনা। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনাকে বন্দি করে নিয়ে যায় তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.