Sylhet Today 24 PRINT

পশ্চিমবঙ্গে ৬৪ লাখ ভোটার বাতিল, ক্ষুব্ধ মমতার ‘প্রতিবাদী ধর্মঘটের’ ডাক

সিলেটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) ফলে ভারতের পশ্চিমবঙ্গে ৬৪ লাখ ভোটার বাদ পড়ে যায়। ক্ষুব্ধ হয়ে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবাদী অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন।

গত শনিবার প্রকাশিত হয় রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা দেখে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। ভোটার বাতিলের তালিকার শীর্ষে আছে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলা। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ মার্চ কলকাতার ধর্মতলায় এক প্রতিবাদী অবস্থান ধর্মঘটের আহবান করেছেন। সেই অবস্থান ধর্মঘটে অংশ নেবেন মমতাসহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের শীর্ষ নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি ভোট চায় না। পারলে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক। মানুষের আদালতে দেখা হবে।’

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন একেবারে দ্বারপ্রান্তে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যব্যাপী নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি, কংগ্রেস, বাম দলসহ রাজ্যের সব নামীদামি রাজনৈতিক দল। তার আগে এত ভোটার বাদ পড়ে যাওয়ায় বড় ধরনের বিপদের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস, বিশ্লেষকেরা তাই মনে করছেন। এদিকে সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি।

 

এই রাজ্যপাট থেকে তৃণমূলকে হটানো ও সরকার গঠনের জন্য বিজেপি আজ এই রাজ্যের পাঁচ প্রান্ত থেকে শুরু করছে এক ‘পরিবর্তন যাত্রার’। প্রথম এই পরিবর্তন যাত্রা শুরু হবে দক্ষিণ ২৪ পরগনার গোপীনাথপুর মাঠ থেকে। এর উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দ্বিতীয় পরিবর্তন যাত্রা শুরু হবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কলার স্কুলের পাশ থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃতীয় পরিবর্তন যাত্রা শুরু হবে দক্ষিণ ২৪ পরগনার আমতার আমগড়ি অ্যাথলেটিক ক্লাব গ্রাউন্ড থেকে। নেতৃত্ব দেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। চতুর্থ পরিবর্তন যাত্রা শুরু হবে হাসন’এর তারাপুর বেসিক ঘোড় মাঠ থেকে। নেতৃত্ব দেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর শেষ ও পঞ্চম পরিবর্তন যাত্রা শুরু হবে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি থেকে। নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ১৪ মার্চ এই পরিবর্তন যাত্রা শেষে মহাসমাবেশ হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.