Sylhet Today 24 PRINT

আজ ইরানের ওপর কঠোর হামলা করা হবে, হুমকি ট্রাম্পের

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর 'কঠোর’ হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে হামলা চালাবে না।

ট্রাম্পের দাবি, ‘এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণে।’

তিনি বলেন, ইরানের ‘খারাপ আচরণ’ অব্যাহত থাকলে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।

ট্রাম্পের ভাষ্য, ‘পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে।’

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রেকর্ড করা বার্তায় বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে শর্ত রাখা হয়েছে- যদি ওই দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হয়।

এর পরপরই ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে ‘প্রাথমিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.