Sylhet Today 24 PRINT

হরমুজ প্রণালি দখলের ‘চিন্তা’ ট্রাম্পের

সিলেটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

ইরানের নিয়ন্ত্রণে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছে যুক্তরাষ্ট্র। এমনটাই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি এ কথা জানিয়েছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এ অবস্থায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনও তেলের ট্যাংকার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে। ফলে ১০ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

এদিকে সিবিএস নিউজ সূত্রে জানা গেছে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং সেখানে তারা ‘অনেক কিছুই’ করতে পারে।

এদিকে, কয়েকদিনের মধ্যেই ইরান যুদ্ধ শেষ করা হতে পারে- এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ।”

তিনি দাবি করেন, ইরানের এখন কার্যত কোনও নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং তাদের বিমানবাহিনীও নেই। ট্রাম্পের ভাষায়, তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগির শেষ হতে পারে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

সূত্র: সিবিএস নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.