Sylhet Today 24 PRINT

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা, নিহত ১২

সিলেটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২৬

বৈরুতের বাশুরা এলাকায় ইসরায়েলি হামলায় ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা

কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই লেবাননের মধ্য বৈরুতে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবানন কর্তৃপক্ষ জানিনো এ তথ্যমতে আহত হয়েছেন আরও ৪১ জন।

একই সময় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানীর আরেকটি এলাকায় হামলার হুমকি দিয়েছে।

গত ২ মার্চ থেকে লেবানন ইরান–ইসরায়েল যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে তেহরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করে। ফলে এর আগে থেকেই লেবাননে শুরু করা হামলা আরও ব্যাপক ও জোরাল করেছে ইসরায়েল।

লেবাননের বিভিন্ন প্রান্তে তীব্র বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বৈরুতের কেন্দ্রস্থলেও কয়েক দফা হামলা চালানো হয়েছে, যার অনেকগুলোই ছিল কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আজ ভোরে মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। জনবহুল এ এলাকা সরকারি সদর দপ্তর ও বেশ কয়েকটি বিদেশি দূতাবাসের খুব কাছে অবস্থিত।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.