সিলেটটুডে ডেস্ক | ০৭ এপ্রিল, ২০২৬
ঘোষিত সময়সীমার মধ্যে ইরান দাবি না মানলে আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’
তিনি লিখেন, ‘তবে এখন যেহেতু দেশটির শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং সেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান ও অপেক্ষাকৃত কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্বে এসেছে; সেহেতু হয়তো ইতিবাচক কিছুই ঘটবে। কে বলতে পারে।’
ট্রাম্প বলেন, ‘আমরা এটি আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। অবশেষে গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান হবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক।’
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সীমা অতিক্রম করে তবে প্রতিশোধের আগুন মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে। ওয়াশিংটন ও মিত্রদের তেল, গ্যাস থেকে বঞ্চিত করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন আঞ্চলিক অংশীদারদের জানা উচিত তেহরান এখনো অনেক সংযম প্রদর্শন করেছে। লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা মেনে চলেছে। কিন্তু এখন থেকে সেসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।