Sylhet Today 24 PRINT

ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: দুইপক্ষেরই বিজয় দাবি

ইরান বলছে ‘ঐতিহাসিক বিজয়’, ট্রাম্পের দাবি ‘পূর্ণাঙ্গ বিজয়’, তোপের মুখে নেতানিয়াহু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২৬

শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত হলো। ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা এল।

তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সায় দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্র দুইপক্ষই এ যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় দাবি করেছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে তারা একটি ‘ঐতিহাসিক’ বিজয় অর্জন করেছে। পরিকল্পিত আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাবের রূপরেখা মেনে নিতে বাধ্য করা গেছে।

পর্ষদ জানিয়েছে, এই প্রস্তাবের মধ্যে আছে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় এই বিষয়গুলোর খুঁটিনাটি চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জন করেছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’।

তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা আছে, যার অধিকাংশ বিষয়েই সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

নেতানিয়াহুর বিপর্যয়
ইসরায়েলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বুধবার ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইয়ার লাপিদ লিখেছেন, ‘ইতিহাসে এর আগে কখনোই এমন রাজনৈতিক বিপর্যয় ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলের ধারে কাছেও ছিল না।’

ইয়ার লাপিদ আরও লিখেছেন, ‘সেনাবাহিনীকে যা করতে বলা হয়েছিল তারা সবকিছুই করেছে। সাধারণ জনগণ অসামান্য সহনশীলতা দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজের নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.