Sylhet Today 24 PRINT

আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২৬

আর্জেন্টিনার জুজুই প্রদেশের লিবার্টারিয়ান নেত্রী ভিলমা বেদিয়া তার দেশের জনগণ গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না বলে আক্ষেপ করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয়দের কাছে গাধার মাংস একটি অত্যন্ত দামি ও রুচিশীল খাবার।

আর্জেন্টিনার চরম অর্থনৈতিক সংকটের মাঝে দেশটির ক্ষমতাসীন লিবার্টারিয়ান জোটের এক সিনেটরের অদ্ভুত ও বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সিনেটর ভিলমা বেদিয়া দাবি করেছেন, দেশের প্রতিটি মানুষ যদি গাধার মাংস খাওয়া শুরু করে, তবে একটি স্বাস্থ্যকর জাতি গঠন করা সম্ভব হবে। তার এই মন্তব্যকে ঘিরে খোদ আর্জেন্টিনার ভেতরেই তীব্র সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

আর্জেন্টিনার জুজুই প্রদেশের লিবার্টারিয়ান নেত্রী ভিলমা বেদিয়া সিনেটে একটি বিতর্ক চলাকালীন গাধার মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘গাধার মাংস আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর। এটি শরীরের জন্য একটি চমৎকার খাবার।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি সবাই গাধার মাংস খেতাম, তবে আমাদের জনসংখ্যা আরও অনেক বেশি সুস্থ ও সবল হতো।’ তার এই বক্তব্যটি ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা একে ‘দারিদ্র্যের উপহাস’ হিসেবে দেখছেন।


নিজের অবস্থানকে আরও শক্তিশালী করতে সিনেটর বেদিয়া ইউরোপের উদাহরণ টানেন। তিনি দাবি করেন, ‘ইউরোপীয়দের কাছে গাধার মাংস একটি অত্যন্ত দামি ও রুচিশীল খাবার। অথচ আর্জেন্টিনায় আমাদের যা আছে, তার মূল্যায়ন আমরা করতে জানি না।’

বিশ্লেষকেরা মনে করছেন, সিনেটর বেদিয়া তাঁর এই যুক্তির মাধ্যমে আর্জেন্টিনার বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটকে আড়াল করতে চেয়েছেন। আর্জেন্টিনায় বর্তমানে মাথাপিছু গরুর মাংস খাওয়ার হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতির কারণে সাধারণ শ্রমজীবী মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে গরুর মাংস।

এই চরম বাস্তবতার মাঝেই পাতাগোনিয়ার এক খামারি বাজারে গাধার মাংস বিক্রির প্রস্তাব দিলে তা বেশ সাড়া ফেলে, কারণ গরুর মাংসের তুলনায় এর দাম অনেক কম। সিনেটর মূলত এই মূল্যবৃদ্ধির সমস্যার সমাধানে সস্তা বিকল্প হিসেবে গাধার মাংসের গুণগান গেয়েছেন। সিনেটরে এমন পরামর্শ খেপেছে সাধারণ মানুষ।

বিস্ময়কর হলেও সত্যি যে, বিশ্বের অন্যতম সেরা গরুর মাংস উৎপাদনকারী দেশ আর্জেন্টিনায় এখন মানুষকে গাধার মাংস খাওয়ার পরামর্শ শুনতে হচ্ছে খোদ জনপ্রতিনিধিদের কাছ থেকে। তথ্যসূত্র: ডায়েরিওরেজিস্ট্রাডো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.