Sylhet Today 24 PRINT

প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২৬

ছবি: সংগৃহীত

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রোববার (২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার সমৃদ্ধ কর্মজীবন। পেশাগত জীবনের শুরুতে তিনি সিভিল ইঞ্জিনিয়ার হলেও আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন।

মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে ক্যামেরার সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে তিনি একজন খ্যাতিমান ফটোসাংবাদিক ও সম্পাদক হিসেবে পরিচিতি পান।

ভারতের নানা প্রান্তে ঘুরে তিনি দেশের বৈচিত্র্য, সমাজবাস্তবতা ও মানুষের জীবনচিত্র ক্যামেরায় তুলে ধরেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাইলামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ধারণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো মানবতাবাদী ব্যক্তিত্বও।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রঘু রাই শরণার্থী শিবির, সীমান্ত এলাকা এবং যুদ্ধের মানবিক বাস্তবতা ক্যামেরায় ধারণ করেন। তার তোলা শরণার্থীদের দুর্দশা, অনাহার, ক্লান্তি ও সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য ছুটে চলা মানুষের ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল দলিল হয়ে ওঠে।

তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে তিনি ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। এরপরও তিনি বিশ্বব্যাপী নানা গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.