সিলেটটুডে ডেস্ক | ২৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলির জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ উপস্থিত শীর্ষ মার্কিন নেতাদের দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ আছেন এবং হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির মতো কয়েকটি শব্দ শোনা গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত বলরুমে প্রবেশ করে উপস্থিত সবাইকে মাথা নিচু করতে নির্দেশ দেন।
সংবাদ সংস্থা এপি জানায়, নিরাপত্তাকর্মীদের ‘সরে যান, স্যার!’ এবং ‘মাথা নিচু করুন’ বলে চিৎকার করতে শোনা যায়। উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তারা পাঁচ থেকে আটটি গুলির মতো শব্দ শুনেছেন।
ঘটনার পরপরই শত শত সাংবাদিক, তারকা ও রাজনৈতিক নেতায় পূর্ণ ভোজসভা কক্ষ খালি করে দেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে ভবনের ভেতরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়। অতিথিদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানস্থলের বাইরের নিরাপত্তাও জোরদার করা হয়।
প্রধান টেবিলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট সদস্য।
অতিথিরা নৈশভোজে ব্যস্ত থাকাকালে নিরাপত্তা কর্মকর্তারা বলরুমে ঢুকে জরুরি নির্দেশনা দেন।
ওয়াশিংটনের ঐতিহ্যবাহী হিলটন হোটেলে প্রতিবছর এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। সাধারণত বলরুম এলাকায় নিরাপত্তা কঠোর থাকলেও হোটেলের অন্যান্য অংশ সাধারণ অতিথিদের জন্য খোলা থাকে।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘অনুষ্ঠান চলতে থাকুক’।
তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন এবং হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ডিসিতে বেশ নাটকীয় একটি সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা বাহিনী নেবে।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ট্রাম্পের প্রথম অংশগ্রহণ। গণমাধ্যমের সঙ্গে তার প্রশাসনের দীর্ঘদিনের টানাপোড়েনের প্রেক্ষাপটে এবারের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করে।
এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেদিন গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং তিনি অল্পের জন্য বেঁচে যান। ওই ঘটনায় একজন নিহত ও আরও দুজন আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী টমাস ক্রুকস নিহত হয়।