সিলেটটুডে ডেস্ক | ০৪ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ১৯০ আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৯ আসনে।
সোমবার দুপুর ১টা পর্যন্ত গণণা করা ভোটের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। তবে কোন আসনে কত শতাংশ ভোট গণণা করা হয়েছে তা জানা যায়নি।
এনডিটিভি থেকে পাওয়া সর্বশেষ খবরে বিজেপি এখন পর্যন্ত ১৯০ আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। বামজোট দুটি আসনে এগিয়ে আছে।
অন্যদিকে আনন্দবাজার পত্রিকার অনলাইন বলছে, ১৮৩ আসনে এগিয়ে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০২টি আসনে।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসনে জয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় ২৯৩টি আসনের ফল গণনা চলছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা কলকাতাসহ ২৩টি জেলায় ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।
নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, ভোট গণণায় তৃণমূল কংগ্রেসের প্রধান ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
মমতা বন্দোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ট সহযোগী থেকে বর্তমানে প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে এখন পর্যন্ত গণণায় ৮ হাজার ৪ শত ৬১টি ভোট পেয়েছেন। তার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি ৯ হাজার ৩ শত ৫৯ ভোটে এগিয়ে রয়েছেন। ৮৯৮টির বেশি ভোটে এগিয়ে আছেন মমতা। দুপুরের পর ভোটের পুরো ফল আসতে পারে।