Sylhet Today 24 PRINT

নিজ আসনেও শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২৬

বিধানসভা নির্বাচনে দলের মত নিজ আসন ভবানীপুরেও প্রধান প্রতিপক্ষ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর কাছে হারতে হল তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভবানীপুর আসনে রাজ্যের বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ১৫,১০৫ ভোটে হারিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সোমবার সকালে ভোট গণনার একেবারে প্রাথমিক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন। সেই সময় অনেকেই মনে করেছিলেন, এই কেন্দ্রটি সহজেই তৃণমূলের দখলে থাকবে।

কিন্তু রাউন্ড যত এগিয়েছে, ততই চিত্র বদলাতে শুরু করেছে। একের পর এক রাউন্ডে শুভেন্দু অধিকারী ব্যবধান কমিয়ে আনতে শুরু করেন, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করে।

নির্বাচন কমিশনের অফিশিয়াল তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮ হাজার ৮১২ ভোট পেয়েছেন। আর বিজয়ী প্রার্থী শুভেন্দু পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট।

জি নিউজ লিখেছে, দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের খবরের চেয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবাক করার আর কী থাকতে পারে? কারণ ভবানীপুর কেন্দ্রটিকে ধরা হয় গোটা রাজ্যের রাজনীতির ‘প্রাণকেন্দ্র’।

ভবানীপুর এতদিন ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীর এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এখানে যখন বিজেপি প্রার্থী স্বয়ং শুভেন্দু অধিকারী দাঁড়ালেন, তখন মমতা নামের মিথের কী হবে, তা নিয়ে একটা চর্চা ছিলই। কিন্তু মমতাকে নিয়ে কেউ ‘দুশ্চিন্তা’ করেনি। অথচ সেখানেই তিনি পরাজিত।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও আলোচিত নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। সে সময় ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছিলেন শুভেন্দু। তৃণমূল নেত্রী পান ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

তবে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়, বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে মমতার কোন সাংবিধানিক বাধা ছিল না। তিনি পরে উপনির্বাচনে জিতে বিধায়ক হন।

কিন্তু এবার মামতার সঙ্গে তার দলেরও ভরাডুবি হয়েছে। বিধানসভার ২৯৩ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে প্রথমবারের মত পশ্চিমবঙ্গে সরকার গঠন নিশ্চিত করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সব মিলিয়ে ২০৭ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য এসেছে।

আর গত ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল কংগ্রেস ৪০টি মত আসন পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.